দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
তবে আগামী বছর থেকে প্রতিবছরের জন্য সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিলেই হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমা দেওয়া নিয়ে সংবাদ সম্মেলনে মোখলেস উর রহমান এ কথা বলেন।
মোখলেস উর রহমান বলেন, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে।
ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে এবং সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে বলেও সাবধান করে দেন তিনি।
গত পহেলা সেপ্টেম্বর সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়।
আইন অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর পাঁচ বছর অন্তর সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম।
তবে এই নিয়ম মানা হয় না বললেই চলে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি।
প্রজ্ঞাপন জারির পরেরদিনই জনপ্রশাসন সচিব জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
আর কেউ সম্পদের হিসাব না দিলে 'খবর আছে' বলেও তখন হুঁশিয়ার করে দিয়েছিলেন তিনি।
এদিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় সরকারি কর্মচারীরা তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারে।