দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেয়। একই সঙ্গে চাকরিবিধি অনুযায়ী সকল সুবিধা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি দেড় যুগ আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা চাকরিতে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে রায় ঘোষণার জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ।
২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন ৩২৭ জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের এ নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়।
পরীক্ষার পর ৩২৭ জনের মধ্যে ৮৫ জনকে একই বছরের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। ১৮ বছর পর চাকরি ফিরে পেলেন তারা।