আগস্টে ডেঙ্গু আক্রান্ত ৪ হাজার ২৯৮ জন, মোট মৃত্যু ৩০

আগস্টের মাত্র ১৮ দিনে দেশে নতুন করে ৪ হাজার ২৯৮ জন ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা পুরো জুলাইয়ের চেয়ে প্রায় দ্বিগুণ। জুলাই মাস পুরোটা জুড়ে শনাক্ত হয় দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭৩ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৩৩ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে এসেছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩। যার মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১১০ জন আর অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৮৩ জন।

দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৬ হাজার ৯৫৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৭৩৩ জন। এছাড়া ডেঙ্গুতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের।

চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে আগের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয় ২ হাজার ২৮৬ জন। এরপর আগস্টের মাত্র ১০ দিনেই ডেঙ্গু জুলাইয়ের রেকর্ড ভাঙে।

আরও পড়ুন: করোনা টিকার ভুয়া সনদপত্র চক্রের ১ জন আটক

২০১৯ সালে দেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর ২০২০ সালে তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। এবার আবারো রোগী সংখ্যা ব্যাপকহারে বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মহামারি করোনার মধ্যেই এমনভাবে ডেঙ্গুর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


একাত্তর/আরএ