হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। এসময় সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।
আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং এ বছর হজ যাত্রীদের চিকিৎসায় সৌদি আরবে ২০০ জন চিকিৎসক-নার্স ও কোটি টাকার ওষুধ নেয়া হচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা।
তিনি জানান, হজ যাত্রীদের জন্য এখনো বাড়িভাড়া ও পরিবহন ঠিক না করায় ৯ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, এ বছর ৫ হাজার ২০০ জন সরকারিভাবে নিবন্ধন করেছেন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮১ হাজার ৯০০ জন।
তবে হজ এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় অবহেলার কারণে ১০ হাজার ৪৮৭ জনের হজে যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।