নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের ছয়টি সুপারিশ বাস্তবায়ন স্থগিত রাখতে করা রিটের বিষয়ে আদেশ আগামী ২৬ মে।

সোমবার (১৯ মে) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে আদালত আদেশের জন্য এই দিন ধার্য করেছে।  

এর আগে গত ৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী এ রিট দায়ের করেন। রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়। 

রওশন আলী বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। 

রিট আবেদনে আরও বলা হয়েছে, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশ কিছু সুপারিশ ইসলামি শরিয়তের বিধান ও জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থি। বাংলাদেশের সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক।

কমিশনের প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা–বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে।