এয়ারবাস ও মেনজিস এভিয়েশনের শীর্ষ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ এবং মেনজিস এভিয়েশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি। 

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলে তাদের সাক্ষাৎ হয়। যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার চারদিনের সরকারি সফরের প্রথমদিন তারা সাক্ষাৎ করেন।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা। এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলাম তাকে অভ্যর্থনা জানান। 

আজ যুক্তরাজ্য সময় দুপুর দুইটায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন অল পার্টি পার্লামেন্টরি গ্রপ অন বাংলাদেশ। পরে তিনি বৈঠক করবেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক সচিব ডেভিড লেমির সাথে। 

প্রধান উপদেষ্টার সাথে আরও দেখা করবেন নারী ও মেয়েদের জন্য যুক্তরাজ্যের বিশেষ দূত বেরোনেস হেরিয়েট হারমেন। 

এছাড়া বিকেল সাড়ে পাঁচটায় বৈঠক রয়েছে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে। এরপর প্রধান উপদেষ্টা ফিনানশিয়াল টাইমস ও গার্ডিয়ানকে সাক্ষাৎকার দেবেন বলে জানা গেছে।