উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে সারাদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এর মাধ্যমে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি এই দুর্ঘটনার বিষয়ে নিজেদের শোকাহত হওয়ার বার্তা দিয়েছে যুক্তরাজ্যের ঢাকাস্থ দূতাবাস।
বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্ধনমিত থাকা পতাকার ছবি দিয়ে পোস্ট করেছে দূতাবাস। সেখানে তারা লিখেছেন, সোমবার ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ ব্রিটিশ হাইকমিশনে ইউনিয়ন পতাকা অর্ধনমিত রাখা হবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। এ পর্যন্ত ২০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের ওপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল পরে জানা যায়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল ভবনে আগুন ধরে যায়। এসময় দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে উদভ্রান্ত মা-বাবা ও স্বজনদের কান্নায় চারপাশ ভারী হয়ে ওঠে। সর্বশেষ খবর অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৭১ জন আহত হয়েছেন।