মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও সংকটময় পরিস্থিতির পটভূমিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় কঠোর আইন মেনে চলার বিশেষ নির্দেশনা প্রদান করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
সোমবার, মিশন থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের নিরাপত্তা ও প্রশাসনিক নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করার জন্য সকল প্রবাসীর প্রতি জোর অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত বিপদ বা দুর্ঘটনা এড়াতে বাংলাদেশি নাগরিকদের যে কোনো ঝুঁকিপূর্ণ এবং অতিরিক্ত জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রবাসীদের নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়।
একই সঙ্গে বিশেষ একটি বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করে দূতাবাস স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক পরিস্থিতি কিংবা নিরাপত্তা সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, একে অপরকে আদান-প্রদান করা এবং যে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা শেয়ার করা সৌদি আরবের স্থানীয় আইনে অত্যন্ত গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে প্রবাসীদেরকে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন কোনোভাবেই যুদ্ধ বা সংঘাত সংক্রান্ত ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর কোনো তথ্য ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার)-সহ কোনো অনলাইন মাধ্যমে প্রকাশ না করেন। এমনকি এ ধরনের সংবেদনশীল বিষয় নিজ মুঠোফোনে (গ্যালারি বা ফাইলে) সংরক্ষণ করা কিংবা হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমে অন্য কারও সঙ্গে শেয়ার করা থেকেও সম্পূর্ণ বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জরুরি প্রয়োজনে অবিলম্বে যোগাযোগের সুবিধার্থে একাধিক হেল্পলাইন নম্বর সরবরাহ করেছে বাংলাদেশ দূতাবাস:
- শ্রমসংক্রান্ত সহায়তা (টোল ফ্রি): ৮০০১০০০১২৫
- পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত (টোল ফ্রি): ৮০০১০০০১২৬
- ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪
জরুরি প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগ ছাড়াও সার্বিক পরিস্থিতি সম্পর্কিত নির্ভরযোগ্য হালনাগাদ তথ্য পেতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ও ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পাতাগুলো নিয়মিত অনুসরণ করতে প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।
