নিখোঁজ জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গজারিয়ার বলাকির চর এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, বিকেলে বলাকির চর এলাকার মেঘনা নদীতে লাশটি ভাসছিলো। পরে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে তাদেরকে জানান। তারা ঘটনাস্থল গিয়ে বিকেল পৌনে চারটার দিকে লাশটি উদ্ধার করেন। সন্ধ্যার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো।
লাশের ছবি রমনা থানায় পাঠিয়েছেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে তার স্বজনরা ছবি দেখে শনাক্ত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন বিভুরঞ্জন সরকার। তারপর তিনি আর বাসায় ফেরেননি। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় একটি নিখোঁজের জিডি করা হয়।
বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত ছিলেন।