চ্যালেঞ্জ হলেও গণভোট-নির্বাচন একদিনে হওয়া উচিত: অর্থ উপদেষ্টা

চ্যালেঞ্জ হলেও গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন একদিনে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- গণভোট এবং নির্বাচন একদিনে আয়োজন তাদের জন্য চ্যালেঞ্জ হবে। সরকার তাদের সঙ্গে আলোচনা করেছে, নাকি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, আমার মনে হয়, চ্যালেঞ্জ হলেও একই দিনে করার চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত, প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিনে আয়োজন করতে। কারণ, দুইদিন করা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মবিলাইজ করা। আপনারা জানেন এটা খুব সোজা কাজ না। এমন কি কিছু কিছু ব্যাংকের জুনিয়র অফিসার, স্কুল শিক্ষকরা ডিউটিতে যাবেন। তাদেরকে দুইদিন নিয়ে আসবেন, এগুলো খুব কঠিন। সব মিলিয়ে একদিনে করাটাই ভালো।  

নির্বাচন ও গণভোট একদিনে হলে বাজেট কী হবে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, না এটা তো এখন আমাদের কাছে বলেনি। আমরা তো বলেছি নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় ব্যয় বাড়বে ওখানেও তো আপনার লোকবল রাখবে তাই না। এটা আমরা বলেছি ওপেন। আমাদের বাজেটটা এখন সংশোধন করছি। 

আপনারা বাজেটে নির্বাচনের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন। এখন কি এটার খরচ বাড়বে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, এখন বাড়া বা কমার বিষয়টি আমি বলতে পারবো না। কারণ, ওদের রিকোয়ারমেন্ট কত রকম দিতে পারে, গণভোটের ব্যাপারটা আসছে, এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি ওই প্রজেকশনে হয়ত ছিলো না। 

উপদেষ্টা বলেন, ২৫ নভেম্বর থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট আপনারা জানেন। সেটার হয়ত তখন ফরেন মিনিস্ট্রিতে আমাদের কাছে চাইতে পারে।