জিডিপির ১০ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ অত্যন্ত জরুরি: উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমার যেখানে বলার সুযোগ হয় সেখানেই আমি বলি- জিডিপির পাঁচ শতাংশ শিক্ষার জন্য এবং জিডিপির পাঁচ শতাংশ স্বাস্থ্যের জন্য বরাদ্দ করা অত্যন্ত জরুরি। কারণ মানবসম্পদ উন্নয়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর মানবসম্পদ উন্নয়নের জন্য এইটুকু দরকার। আরও একটি কথা খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো- অর্থ বরাদ্দ হলেই সব কাজ হয়না, সেই অর্থের যথাযথ ব্যবহার করতে হবে। 

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে মাগুরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধী সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের তো মাটির নিচে তেল নেই যে তুলে বিক্রি করে বড়োলোক হয়ে যাবো। আমাদের শুধু মানুষ আছে, যে মানুষকে মানব সম্পদে পরিণত করা প্রয়োজন।

আরবের সবচেয়ে ছোট দেশ তিউনিশিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, স্বাধীনতা লাভের পর দেশটির সরকার প্রথম বাজেট ঘোষণা করে। ওই বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয় শিক্ষাখাতে। যার ফলে আরব বিশ্বের সবচেয়ে কম সম্পদশীল দেশ হয়েও সবচেয়ে শিক্ষিত দেশ তিউনিশিয়া। তারা আজও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। আমি জানি কালকেই আমাদের দেশে সেটা করা যাবে না। আমি জানি কালকেই বাজেট চার গুণ করা যাবে না। 

শিক্ষার মান উন্নয়নে গুরুত্বসহ প্রকৃত ব্যবস্থা নিতে হবে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে, বাঙালি বিশ্বের জায়গাতেই আছে। তারা ওই সব দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করের। অথচ অন্য দেশের নাগরিকরা সেখানে অনেক বেশি বেতনে চাকরি করেন। এর কারণ- আমাদের যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার অভাব। আমাদের এখানে যারা ম্যানপাওয়ার এজেন্ট আছে তাদের আমি মুখের ওপর বলি আপনারা প্রচণ্ডভাবে এক্সপ্রয়ার করেন। নেপাল থেকে তাদের কর্মী মালোশিয়া যায় এক লাখ ২৫ হাজার টাকায়। আর আমাদের কর্মীদের লাগে তিন লাখ ৭৫ হাজার টাকায়। এটা আমাদের রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা। কারণ এই মানুষগুলো (ম্যানপাওয়ার এজেন্ট ) বিরুদ্ধে আমার কোনো ব্যবস্থা নিতে পারিনি। কোনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। 

শিক্ষকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ইংরেজি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তারা যেন শিক্ষার্থীদের পাঠদান করেন। 

প্রায় শতবর্ষী কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয় আজও সরকারিকরণ না হওয়ায় দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি ষাটের দশকে এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। শতবর্ষী এই বিদ্যালয়টি সরকারিকরণ না হওয়া অত্যন্ত দুঃখজনক। আমি মনেকরি, এই বিদ্যালয়টিকে অবশ্যই সরকারিকরণ করা উচিত সরকারের।

এসময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্মৃতি স্মরণসহ বিদ্যালয় নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে বিদ্যালয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস দেন পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে সকাল ১১টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিদ্যালয়ে প্রধান ফটকে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে প্রধান ফটকে ফিতা কেটে নিজ বিদ্যালয়ে প্রবেশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। 

মাগুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছের  সভাপতিত্বে মতবিনিময় সভায় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৃথিবীতে শুধু বাংলাদেশ-ভারত সীমান্তে যুদ্ধাবস্থা ছাড়া গুলি করে মানুষ মারা হয়

কিশোরগঞ্জ উপজেলা থেকে বিকেলে নীলফামারী জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস সংলগ্ন মাঠে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের জন্য নির্বাচিত স্থান পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা। 

এসময় সীমান্ত হত্যা নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে জবাবে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমানা পৃথিবীর একমাত্র সীমান্ত যেখানে যুদ্ধাবস্থা ছাড়াই গুলি করে মানুষ মারা হয়। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় এটার নিন্দা জানাই।

চীনের উপহারের এই হাসপাতালটি বাংলাদেশ তথা নীলফামারীর স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যোগ করবে উল্লেখ করে উপদেষ্টা এসময় আরও বলেন, চলতি মাসের মধ্যে এর ডিপিপি জমা দেওয়া হবে এবং কাজ শুরুর পর আগামী তিন বছরের মধ্যে হাসপাতালের অবকাঠামোগত কাজ শেষ হবে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউজ্জামানসহ অন্যরা  উপস্থিত ছিলেন।