মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়তে বাংলাদেশের পতাকা হাতে আকাশ থেকে ঝাঁপ দিয়েছেন ৫৪ জন প্যারাট্রুপার। জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে এতসংখ্যক প্যারাট্রুপারের জাম্প বিশ্বে এটিই প্রথম।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি।
প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। সশস্ত্র বাহিনীর কয়েকটি উড়োজাহাজ তাদের বহন করে আকাশে নিয়ে যায়। তারপরই বারো হাজার ফুট উঁচু থেকে ঝাঁপ দেন তারা। এরপর জাতীয় পতাকা হাতে সবাই আকাশ থেকে নিরাপদে নেমে আসেন।
এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ হাজারো মানুষ।
সংশ্লিষ্টরা বলছেন, এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং যার মাধ্যমে বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই ‘এয়ার শো’ দেখতে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ঢল নেমেছে।
এদিন সকাল ১১টার দিকে দেখা যায়, আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি। নিরাপত্তাতল্লাশি করে সবাইকে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।