পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষ, যা বললেন ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এসব কথা বলেন।

সচিব বলেন, যতটুকু জানা আছে, সরকারিভাবে যে গেজেট পাবলিশ করা হয়েছে, সেই গেজেটের ধারাবাহিকতা বা অর্ডার অনুযায়ী ব্যালট সাজানো হয়েছে।
 
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। দলটির পক্ষ থেকে এখনও পাঠানো হয়নি এমন ব্যালটগুলো সংশোধনেরও দাবি জানিয়েছেন তিনি।

এ অবস্থায় ব্যালট পুনরায় ছাপা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, এটি নিয়ে এখনই মন্তব্য করা যাবে না। কমিশন সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে গতকাল মঙ্গলবার। 

এ বিষয়ে ইসি সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বাহরাইনের পোস্টাল ব্যালটের যে ছবি দেখা গেছে সেটি একটি হোস্টেলের পাশাপাশি ঠিকানার ভোটারদের কাছে গেছে। এটি ঠিক হয়নি। তদন্ত চলছে।

ইসি সচিবের ভাষায়, পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখতে কেউ এটা ভিডিও করে পোস্ট করেছেন। তবে এটা করা উচিত হয়নি।