ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে আজ ৬০টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ৩৪টি আবেদন নামঞ্জুর ও ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে ষষ্ঠ দিনের আপিল শুনানি শুরু হয়। পরে বিকেল পর্যন্ত ১০৪টি আবেদনের শুনানি করে নির্বাচন কমিশন।
এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের প্রথম দিনের শুনানি শেষে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি ওইদিন ১৫টি মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ৩টি স্থগিত রাখা হয়।
বৃহস্পতিবার পর্যন্ত আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৩৩৭ জন। পাশাপাশি এই সময়ে ১১৫ জনের আপিল নামঞ্জুর বা বাতিল করা হয়েছে। এছাড়া ৩৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
ইসি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সপ্তম দিনের শুনানি অনুষ্ঠিত হবে। এই সময়ে ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি হবে।