জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।
রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলায় ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিরা হলেন— আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। আসামিরা সবাই পলাতক রয়েছেন।
এর আগে ১৮ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়া হয়।
অন্যদিকে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আজ শুনানি হতে পারে।
এছাড়াও, আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে।