সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কথায় নয়, তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব বিষয়ে সবাই একমত না হলেও রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেই থাকবে।
তিনি আরও বলেন, নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।
সরকারি কর্মকর্তাদের ভোটের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আপনাদের সবার ব্যক্তিগত ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে। তবে ভোট কেন্দ্র বা আশেপাশে যারা দায়িত্ব পালন করবেন তাদের ব্যাপারে কেউ যেন সামান্যতম অভিযোগ করতে না পারে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
তিনি আরও বলেন, দু-এক জায়গায় আমরা অভিযোগ পাওয়ায় তাদেরকে ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। সরকারি কর্মকর্তা হ্যাঁ-না ভোটের ব্যাপারে কথা বলতে পারবেন কিন্তু সংসদ নির্বাচন সেখানে কেউ কোনো মতামত দেবেন না।
জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।