ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠেছে, তা গন্তব্যে পৌঁছে যাবে। আমরা মানুষকে যে ওয়াদা করেছি, তা রক্ষা করতে পেরেছি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ও উদ্দীপনা দেখে নিজের ভালো লাগার কথা জানান সিইসি। তিনি বলেন, ঈদের মতো মানুষ ভোট দিতে গ্রামে গেছে। ভোট দিতে পারার আনন্দ তাদের উদ্বেলিত করছে।
সারাদেশের ভোটের খবরাখবর রাখছেন জানিয়ে সিইসি গণমাধ্যমকে ধন্যবাদ দেন। তিনি বলেন, গণমাধ্যমকে ধন্যবাদ, তাদের মাধ্যমে সারা দেশের ভোট দেখতে পাচ্ছি। দুই-একটা জায়গা ছাড়া সব জায়গায় ভোট সুষ্ঠু হচ্ছে। আমাদের ওয়াদার লক্ষ্যে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে নির্বাচন সংশ্লিষ্ট প্রায় সাড়ে ১৭ লাখ লোক কাজ করছে। এদের সবাইকে সমন্বয় করে কমিশন এই কাজে সফল হবে বলে তিনি আশাবাদী।
তিনিব বলেন, নিজে নিরপেক্ষ থাকলেই চলবে না, সবাইকে নিরপেক্ষ হতে বলতে হবে।।
নির্বাচন কেবল কমিশনের একার কাজ নয় উল্লেখ করে সিইসি বলেন, ভোটার, রাজনৈতিক দল ও প্রার্থী—সবার সমন্বিত প্রচেষ্টায় এই কাজ সফল হবে। তিনি আরও জানান যে, বিদেশি পর্যবেক্ষকরাও মাঠপর্যায়ে ভোট পর্যবেক্ষণ করছেন এবং সব মিলিয়ে গণতন্ত্রের ট্রেন শেষ পর্যন্ত স্টেশনে পৌঁছাবে।
শেষে সিইসি বলেন, সোশ্যাল মিডিয়া, এআই কনটেন্ট বড়ো থ্রেড। এর ৫০ শতাংশ দেশের বাইরে থেকে হয়, তাই আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তারপরও চেষ্টা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরে এসেছে। ভোটকেন্দ্রগুলোতে শুধু মানুষ আর মানুষ।