ট্রাভেল এজেন্সি ও বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ট্রাভেল এজেন্সি এবং আকাশপথের যাত্রীদের জন্য জরুরি একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সোমবার (২ মার্চ) মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখার উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট সূচি পরিবর্তন, বিলম্ব বা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সংকটকালীন সময়ে যাত্রীসেবা নিশ্চিত করতে এবং সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে নিচের নির্দেশনাগুলো প্রদান করা হলো:

ট্রাভেল এজেন্সির জন্য সাত নির্দেশনা:

১. সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাত্রীদের সঠিক ও আপডেট তথ্য দিতে হবে।
২. যাচাইকৃত তথ্য ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রচার করা যাবে না।
৩. টিকিটের রি-ইস্যু, রিভ্যালিডেশন ও রিফান্ড সংক্রান্ত বিষয়ে দ্রুত সহায়তা নিশ্চিত করতে হবে।
৪. ভিসা বা আকামা সংক্রান্ত জটিলতায় যাত্রীদের সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগের তথ্য সরবরাহ করতে হবে।
৫. অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের সহযোগিতা করতে হবে।
৬. প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগ নম্বর চালু রাখতে হবে।
৭. দূতাবাস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সাথে সমন্বয় বজায় রাখতে হবে।

যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ

নির্দেশনায় যাত্রীদের ধৈর্য ধারণ করার এবং যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভ্রমণের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন বা এজেন্টের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে। এছাড়া ভিসা বা আকামা সংক্রান্ত সমস্যায় দ্রুত সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় এই নির্দেশনাগুলো দ্রুত ব্যাপক প্রচার ও প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ জানিয়েছে।