বাংলাদেশের স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশের পর এই প্রথম দিবসটি উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্বকে গুরুত্ব দেয়, যা একটি অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা উভয় দেশের জনগণের কল্যাণে, আমাদের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রত্যাশা করছি।

বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দিনে শুভেচ্ছা জানিয়ে মার্কো রুবি বলেন, বাংলাদেশ যখন এই তাৎপর্যপূর্ণ দিন উদযাপন করছে, তখন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশটিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।