১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক করতে ১৪টি বোয়িং কেনার পাশাপাশি কিছু উড়োজাহাজ লিজ নিতে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, উড়োজাহাজ লিজ নেয়ার চিন্তা চলছে, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা নেয়া হয়েছে। তবে কিছু উড়োজাহাজ কিনতে হবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। 

তিনি আরও বলেন, ১৪টি উড়োজাহাজ ক্রয় এবং কিছু উড়োজাহাজ লিজ নেয়ার ব্যাপারে বোয়িংয়ের সঙ্গে চুক্তি করবে সরকার। 

বিমানকে আরও লাভজনক করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি। 

এদিকে টোকিওতে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, আগামী জুন থেকে টোকিওতে ফ্লাইট চালু হবে। কত স্লট দেয়া যায় সেটি নিয়ে ভাবা হচ্ছে, লাভজনক হলে স্লট আরও বাড়ানো হবে।

এছাড়া হজযাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন, হজ ফ্লাইট নিয়মিত চলছে। আগামী ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হবে।