প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান

সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে বর্ষার কারণে এবার থাকছে না কোনো দলীয় জনসভা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সরকারি বার্তা সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়ক পথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে একই দিন সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি।

এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।