চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চাইলে নিয়মিত আপিল আবেদন দায়ের করতে পারবেন।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই সিদ্ধান্ত দেন।
আদালত সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিলো। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন সরোয়ার। হাইকোর্ট তার প্রার্থিতা ফিরিয়ে দিলে তিনি চট্টগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচনে তার ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছিলো। পরে সরোয়ার আলমগীরের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ৯ জুলাই রায় দেন হাইকোর্ট। রায়ে তার প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের এই রায়ের পর দিনই (৯ জুলাই) ইসি সচিবালয় চট্টগ্রাম-২ আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং ওই দিন সন্ধ্যায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের পর হাইকোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে গত ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমিন। শুনানি শেষে আপিল বিভাগ আবেদনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ায় সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে আর কোনো বাধা রইলো না।