দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে সংসদ ভবনে শুরু হয় ভোটগ্রহণ। সংসদ সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।

এবারের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ৩৪৯ জন সংসদ সদস্য। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেবেন। তাদের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। পরে বিকেল ৫টায় ভোট গণনা শুরু হলে সেটিও সরাসরি সম্প্রচার করবে সংসদ।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী। তারা হলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এদিকে ভোটার হিসেবে সংসদ সদস্যরা ভোট দেওয়ার পরও সংসদ ভবনে অবস্থান করতে পারবেন। ভোট গণনার সময়ও তাদের উপস্থিত থাকার সুযোগ রয়েছে।

সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর টানা সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারের নির্বাচন পাচ্ছে বাড়তি গুরুত্ব। সংসদ সদস্যদের ভোটে এটি দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচন।

নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণ ঘিরে সংসদ ভবনে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচনি কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা জানান তিনি।