ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তার শেষ অফিস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার আগে বঙ্গভবনে তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় গার্ড অব অনার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এর মধ্য দিয়ে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বের অবসান হলো।

দায়িত্ব ছাড়ার আগে বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বিদায়ী শুভেচ্ছা জানান। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সালাম গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে বিদায়ী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বঙ্গভবনের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
বিদায় নেওয়ার সময় হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। এরপর তিনি কঠোর প্রটোকলের মধ্য দিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।

এর আগে গত ২৪ জুলাই দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। দুপুর ২টা থেকে জাতীয় সংসদে শুরু হবে ভোটগ্রহণ।
রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী দলটির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৩৪৯ জন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের শুরুতে যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলীয় নেতা ভোট দেবেন, তখন লাইভ টেলিকাস্ট হবে।
এরপর ৫টার সময় ভোট গণনা শুরু হলে আবারও লাইভ টেলিকাস্ট হবে। সংসদ সদস্যরা যেহেতু ভোটার, ভোট দিয়েই চলে যাবেন এমন না, তারা উপস্থিত থাকতে পারবেন। এমনকি ওনারা ভোট গণনার সময়ও থাকতে পারবেন।
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, সন্ধ্যায় ফল