সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
চিফ হুইপ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে যাওয়ার কোনো সুযোগ নেই। বিগত সময়ে তা কখনো হয়নি।
সংসদের তৃতীয় অধিবেশনের বিষয়ে তিনি জানান, সংসদ অধিবেশনে আজ সম্পত্তি হস্তান্তর বিষয়ক আইন, গুম সংক্রান্ত বিষয়ক আইন, মানবাধিকার সংক্রান্ত আইন উত্থাপিত হবে।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কাজের পরিদর্শন করবেন, এ বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।