স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন’-এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে তিনি এ সমর্থনের কথা জানান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে।
এ ছাড়া স্বচ্ছ জবাবদিহিতা ও ফিলিস্তিনিদের নিজস্ব মালিকানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার বিধানগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি। পাশাপাশি ইউএনআরডব্লিউএ-এর ম্যান্ডেট ও নিয়মিত অর্থায়ন সুরক্ষা, গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ও জনমিতিক পরিবর্তন রোধ এবং অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বিভিন্ন সদস্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার মন্ত্রী এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন। তারা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে নিতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।