দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার, সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সেপ্টেম্বর মাসেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এই সংকট কেটে যাবে। পাশাপাশি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে ভিজিএফ কার্ডের আওতা বাড়িয়ে জনপ্রতি ২০ কেজি করে চাল দেওয়ার বড় সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা জানান তিনি।
দেশের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য ঢেলে সাজাতে একাধিক বড় প্রকল্পের কথা তুলে ধরেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার রেলযোগাযোগকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে একযোগে ৩০টি নতুন লোকোমোটিভ কেনার দরপত্র আহ্বান করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের মূল কেন্দ্র চট্টগ্রাম বন্দর নিয়ে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ঘোষণা দেন তিনি। তিনি স্পষ্ট করেন, দেশের কল্যাণে নেওয়া কোনো কোনো সিদ্ধান্ত ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যেতে পারলেও, সব স্টেকহোল্ডারদের সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে আস্থা বজায় রেখেই পদক্ষেপ নেবে সরকার।
সংবাদ সম্মেলনে আঞ্চলিক ও শিক্ষাঙ্গনের সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হয়। উত্তরাঞ্চলের বহুল কাঙ্ক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারের তীব্র আগ্রহের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ থেকে আসবে, সেটি আলোচনার বিষয় হলেও প্রকল্প বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেন, অভিযুক্তদের ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে এবং এদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। সেসাথে ব্যাটারিচালিত অটোর সুবিধা মেনে নিয়ে এগুলোকে সম্পূর্ণ অনিয়ন্ত্রিতভাবে চলতে না দিয়ে দ্রুত একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও নিশ্চিত করেন তিনি।