সাত ফ্লাইট বাতিল, রিয়াদ বিমানবন্দর বন্ধ সোমবার রাত তিনটা পর্যন্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একের পর এক হামলার জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে রিয়াদগামী সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে রিয়াদ কর্তৃপক্ষ ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত তিনটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) থেকে রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী এই ফ্লাইটগুলো বাতিল করা হয়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে রওনা হওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে থাকাকালেই রিয়াদ বিমানবন্দরের আকস্মিক হামলার খবর পায়। উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইটটি মাঝপথ থেকে ঘুরিয়ে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে যাত্রী ও ক্রুদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় ফেরত আসে।

এদিকে শনিবার মধ্যরাতে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো এক ভয়াবহ মিসাইল হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন। নিহতদের মধ্যে মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পরপরই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বপ্রকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলা চালিয়েছে হুথিরা। এর আগে গত বৃহস্পতিবার চালানো এক হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। ওই দিন বিমানবন্দরে থাকা সৌদিয়া এরলাইন্সের একটি উড়োজাহাজ লক্ষ্য করে হামলা চালালে ওই প্রাণহানির ঘটনা ঘটে।

দুই মাস ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চরম রূপ ধারণ করেছে। হুথিরা রিয়াদ বিমানবন্দরকে মূল লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং সম্প্রতি সৌদি আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থাকে হুশিয়ারিও দিয়েছিল। তার পরপরই শনিবার এই বড়ো ধরনের সামরিক হামলার ঘটনা ঘটে, যা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিমান চলাচলে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।