স্থানীয় নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক কাঁধে নেবে না সরকার: প্রতিমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক কাঁধে নিতে সরকার রাজি নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যেই যেন দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী জুন মাসের মধ্যে যদি সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করা সম্ভব না হয়, তবে এর জবাব নির্বাচন কমিশনকেই দিতে হবে।

এসময় এক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা দিয়ে মীর শাহে আলম জানান, আগামী সাত নভেম্বর বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মেলার মাঠে এক বিশাল ‘গ্রাম পুলিশ সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারাদেশ থেকে প্রায় ৫০ হাজার গ্রাম পুলিশ সদস্য এই মহাসমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।