এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা’

বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।

রোববার বাংলা একাডেমির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বইমেলার এই নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

বাংলা একাডেমি জানায়, বইমেলার সার্বিক আয়োজন ও তারিখ চূড়ান্ত করার লক্ষ্যে গত ১৩ অক্টোবর সকালে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় প্রকাশক প্রতিনিধিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সব প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত মতামত ও সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই ২০২৭ সালের বইমেলার এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

উচ্চপর্যায়ের ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় মেলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও প্রকাশক-পাঠকদের সুবিধার কথা বিবেচনা করে নানাবিধ দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগমসহ বাংলা একাডেমি ও পুস্তক প্রকাশনা খাতের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ। মেলা উপলক্ষে প্রকাশকদের প্রস্তুতি গ্রহণ এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের স্টল ব্যবস্থাপনার কাজ দ্রুত গুছিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছে।