কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করেই স্তব্ধ হয়ে পড়েছিলো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনলাইন সেবা। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্রের প্রধান সার্ভারটি বন্ধ থাকায় বুধবার সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েন এনআইডি সংক্রান্ত অনলাইন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
প্রায় তিন ঘণ্টা পর পুনরায় চালু হয় সার্ভারটি। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ‘রক্ষণাবেক্ষণের কাজের জন্য’ সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছিল।
বিশ্বজুড়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে বড় নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর সাম্প্রতিক সময়ে সাইবার হামলার আশঙ্কায় দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের সেবা ব্যাহত হয়।
এমনকি এই একই কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর গত রোববার পুনর্নির্ধারিত নিরাপত্তাসহ পুনরায় চালু করা হয় বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি। এর পরপরই এনআইডি সার্ভারেও এমন কোনো জটিলতা দেখা দিয়েছে কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও আশঙ্কা তৈরি হয়।
তবে সাইবার হামলার এই গুঞ্জন ও আশঙ্কা পুরোপুরি খারিজ করে দিয়েছে এনআইডি অনুবিভাগ। কোনো ধরনের সাইবার হামলার ঝুঁকি নেই উল্লেখ করে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন নিশ্চিত করেন, এটি কেবল একটি নিয়মিত কারিগরি প্রক্রিয়ার অংশ ছিল।
তিনি বলেন, আমরা সম্পূর্ণ ইন্টারনাল সার্ভারভিত্তিক কাঠামোর মাধ্যমে সেবা প্রদান করে থাকি। ফলে পিএইচপির সাম্প্রতিক ত্রুটির কারণে এনআইডি তথ্যভাণ্ডারে সাইবার হামলার কোনো আশঙ্কা নেই।
শুধু অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইন সেবা কিছুটা বিঘ্নিত হয়েছিলো। আমাদের কারিগরি দল দ্রুততার সঙ্গে কাজ শেষ করেছে এবং ইতোমধ্যে সার্ভার পুরোদমে চালু হয়ে গেছে।
ইসির এই কর্মকর্তা আরও জানান, নাগরিকদের তথ্য সুরক্ষিত রয়েছে এবং এনআইডি সার্ভারের গতি বা নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।