১৬৯ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ১৬৯টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারিভাবে এই কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা শুরু করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

ঘোষিত ১৬৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১৬ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

উল্লেখ্য, এই উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল লড়াই ধানের শীষের মির্জা ফয়সল আমীন ও দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে চূড়ান্ত ফল নিশ্চিত করা হবে।