সব ঠিক থাকলে আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, শতভাগ নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করেই বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গ্রিডে সরবরাহ শুরু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
এসময় মন্ত্রী আরও জানান, আগামী পাঁচ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে এই সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এই আন্তর্জাতিক সামিটের আয়োজন করছে।
‘আগামীর অর্থনীতির জন্য এআই-ফিকশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা, নতুন উদ্ভাবন, অর্থনৈতিক বিনিয়োগ এবং দায়িত্বশীল এআই অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান তিনি।