কঠোর নিরাপত্তা বলয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন এক চালান। বুধবার সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ নিরাপত্তাবেষ্টিত গাড়িবহরটি বিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশ করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরেই বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে চালানের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা বুঝে নেন।
পরদিন বুধবার ভোর ৫টার দিকে বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়। মহাবিন্যাসী এই পারমাণবিক জ্বালানি পরিবহনে সড়কজুড়েই গড়ে তোলা হয়েছিল নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো পথজুড়ে সতর্ক অবস্থান নেন। ঢাকা থেকে পাবনা পর্যন্ত মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বজায় রাখা হয়।
উল্লেখ্য, চলতি বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এটি ইউরেনিয়ামের তৃতীয় চালান। এর আগে গত ৩ ও ১১ অক্টোবর প্রথম ইউনিটের জ্বালানি সফলভাবে রূপপুরে পৌঁছায়। আর বুধবারে আনা ইউরেনিয়ামের এই নতুন চালানটি বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজে ব্যবহারের জন্য আনা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদনে যাওয়ার প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।
