জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিস্তারিত বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। একই সাথে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও দেশবিরোধী যেকোনো চক্রান্ত সমূলে উৎপাটন করতে জাতীয় ঐক্যের জোর আহ্বান জানিয়েছেন তিনি।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, সরকার কখনোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো পেটোয়া বাহিনীতে পরিণত করতে চায়নি এবং করবেও না। তবে দায়িত্ব পালন বা অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আক্রান্ত হলে আইনের বিধান এবং আত্মরক্ষার অধিকারের আওতায় পরিস্থিতি অনুযায়ী কঠোর পদক্ষেপ নিতে তারা দ্বিধা করবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, হিটলারের নাৎসি বাহিনী যেভাবে পালিয়েছিল, আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার দৃশ্য তার সঙ্গেই কেবল মেলে। সীমান্তের ওপার থেকে কল করে জুলাই যোদ্ধাদের তালিকা তৈরি ও হুমকির বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু মহান আল্লাহ হয়তো তাদের আর সে সুযোগ দেবেন না।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা সীমান্তে ওপার থেকে কোটি কোটি টাকা বিনিয়োগ করে এবং অডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও পোশাক খাতে আন্দোলন উসকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। ওপার থেকে আসা নানা উসকানি ও ঢাকা কেন্দ্রিক গোপন ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি-অক্টোবরের তুলনায় চলতি ২০২৬ সালের একই সময়ে দেশের আইনশৃঙ্খলা সূচকে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তবে বিরোধীদলীয় নেতার অতীতে একতরফাভাবে না চাইতেই অত্যাচারীদের ক্ষমা করে দেওয়ার বক্তব্যকে দেশের মানুষ যৌক্তিক মনে করেনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শর্তহীনভাবে ক্ষমা না চেয়ে অনুতাপহীন অপরাধীদের ছাড় দেওয়া যায় না।
সুনামগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ঝটিকা মিটিং করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবির সাথে সমন্বয় করে মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও যৌথ অভিযান চলছে।
পরিশেষে, কোনো আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন না করে এবং গণতান্ত্রিক ধারা বজায় রেখে সব অপশক্তি রুখতে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় রাখার জন্য জাতীয় সংসদের সব দল ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।