সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে উত্তপ্ত পরিস্থিতি

সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং অর্থের বিনিময়ে ডিও (ডিমান্ড অব ইনফরমেশন) দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী দলের সদস্যরা। এ বিষয়ে কৃষিমন্ত্রীর দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হতে না পেরে সংসদ সদস্যরা হইচই ও তীব্র প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ডেপুটি স্পিকারকে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সম্পূরক প্রশ্ন উত্থাপনের মাধ্যমে এই পরিস্থিতির সূত্রপাত ঘটে। তিনি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে অভিযোগ করেন, সারের ডিলার নিয়োগে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রীরা ডিলারশিপ পেয়েছেন উল্লেখ করে তিনি উদাহরণ দেন যে, ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির এবং তাদের ১০ জন কোনো না কোনো নেতার স্ত্রী, সন্তান বা আত্মীয়। এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় জড়িত এক সংসদ সদস্যের সন্তানও ডিলারশিপ পেয়েছেন বলে তিনি দাবি করেন।

হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, সংরক্ষিত আসনের এমপিদের মাধ্যমে অর্থের বিনিময়ে ডিও দেয়ার ব্যবস্থা করা হয়েছে, যার কোনো আইনি বা বিধিসম্মত ভিত্তি নেই। জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের এমন ব্যবসায়িক সুবিধা পাওয়ার রাজনৈতিক সংস্কৃতি কবে বন্ধ হবে, এমন প্রশ্ন রেখে তিনি বর্তমান নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান।

এর জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ডিলার নিয়োগকে কেন্দ্র করে ‘উৎসব’ হওয়ার যে কথা বলা হয়েছে, সেটিকে ইতিবাচক অর্থে দেখার মন্তব্য করেন। মন্ত্রীর এই বক্তব্যে বিরোধী দলের সদস্যরা আরও ক্ষুব্ধ হয়ে সংসদে হইচই শুরু করেন। পরে মন্ত্রী শান্তভাবে জানান, জেলা ও উপজেলা পর্যায়ে দুটি আলাদা কমিটির মাধ্যমে সুনির্দিষ্ট নিয়মনীতি ও যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই ডিলার নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি কোনো একক ব্যক্তির স্বাক্ষরে সম্পন্ন হয়নি। কারো উত্তরে অসন্তুষ্টি থাকলে পুনরায় প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে বিরোধী দলের তোলা অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, এ ধরনের অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা লিখিতভাবে জমা দেওয়া উচিত, অন্যথায় অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি।

সংসদের উভয় পক্ষের উত্তপ্ত পরিস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় চিফ হুইপসহ সব সংসদ সদস্যকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। তিনি বলেন, উত্তপ্ত বাক্যবিনিময় বা এভাবে হইচই করে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই; সুনির্দিষ্ট নিয়মে মন্ত্রীর উত্তরের সন্তুষ্ট না হলে সম্পূরক প্রশ্ন করার অধিকার সবার রয়েছে। পরবর্তীতে স্পিকার নতুন কোনো ফ্লোর না দিয়ে কার্যতালিকা অনুযায়ী পরবর্তী প্রশ্নে চলে গেলে পরিস্থিতি শান্ত হয়।