জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি চক্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছেন তারা।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ এ-সংক্রান্ত কোনো সেবা দেওয়ার ক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।
বিজ্ঞপ্তিতে জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে সহায়তা পেতে ১০৫ নম্বর হটলাইনে কল করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।