শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন,‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা ভারতের কথিত দুই শর্তের কোনো ভিত্তি নেই। এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাবও আসেনি।’
সোমবার (১৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারতের দুটি শর্তের কথা উল্লেখ করে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে বিবিসি বাংলা। তবে প্রতিবেদনে উল্লেখ করা শর্তগুলোর কোনো ভিত্তি নেই বলে জানান শামা ওবায়েদ। ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা যোগাযোগ করা হয়নি বলেও জানান তিনি।
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরাতে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনার আইনজীবীদের পাঠানো চিঠির বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই।
বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ বাতিলের খবর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেন শামা ওবায়েদ।
অন্য দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা মোকাবিলার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। একই সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় ঢাকা বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।