বিচার মুখোমুখি হতে হাসিনাকে দেশে ফিরতেই হবে: আনসারী

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া বা জনগণকে হুমকি দেওয়ার সুযোগ বন্ধ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কূটনীতিক, বিশ্লেষক ও ওয়াশিংটনের সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি উল্লেখ করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরে এসে তাঁর সাজার মুখোমুখি হতে হবে।

আল জাজিরায় প্রকাশিত ওই নিবন্ধে লেখক মুশফিকুল ফজল আনসারী ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে স্বজন হারানো পরিবারগুলোর গভীর বেদনা ও বিচারের অপেক্ষার কথা তুলে ধরেন।

তিনি বলেন, অভ্যুত্থানে হতাহত পরিবারগুলোর কাছে ভারতে শেখ হাসিনার অবস্থান শুধু একটি রাজনৈতিক আশ্রয়ের বিষয় নয়। গণতন্ত্রের জন্য যাঁরা চরম মূল্য দিয়েছেন, তাদের কাছে এটি অত্যন্ত বেদনাদায়ক, তাদের এই দুর্দশার জন্য যাঁকে দায়ী করা হয়, তিনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে চলেছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনের উল্লেখ করে মুশফিকুল ফজল আনসারী বলেন,  ওই অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছিলেন। জাতিসংঘের প্রতিবেদনে তৎকালীন সরকার, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীর দ্বারা পরিকল্পিত দমন-পীড়নের প্রমাণ পাওয়া যায়, যা মানবতাবিরোধী অপরাধের শামিল বলে তদন্তের সুপারিশ করা হয়েছিল।

পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, নৃশংসতায় উসকানি ও বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে তাঁর অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেন। যদিও শেখ হাসিনা এই বিচারকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন, তবে লেখকের মতে তাঁর এই অস্বীকার ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকারকে কোনোভাবেই ক্ষুণ্ন করে না। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।

নিবন্ধে আরও উল্লেখ করা হয়, বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দীর্ঘ স্বৈরশাসনে ক্ষতিগ্রস্ত অর্থনীতি মেরামত এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিদেশে অবস্থানরত শেখ হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচারণা চালিয়ে দেশে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করছেন।

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি ক্রিস্টিন ফেয়ারের একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আনসারী লেখেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটি একটি বিষয়, কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। ২০২৬ সালের জানুয়ারিতে নয়াদিল্লির এক অনুষ্ঠানে বক্তব্য দিয়ে নির্বাচন বানচাল ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ তুলেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিবন্ধে প্রশ্ন তোলা হয়, অতীতে দালাই লামা বা অং সান সু চির মতো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সংযত রাখতে নয়াদিল্লি ভূমিকা রাখলেও শেখ হাসিনার ক্ষেত্রে কেন সেই অনীহা দেখা যাচ্ছে?

প্রত্যর্পণ ইস্যুতে আইনি দিকগুলো তুলে ধরে নিবন্ধে বলা হয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে হত্যা বা হত্যায় প্ররোচনার মতো অপরাধকে ‘রাজনৈতিক অপরাধের’ ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে। ফলে রাজনৈতিক পরিচয় কোনোভাবেই প্রত্যর্পণের পথে বাধা হতে পারে না।

নিবন্ধের উপসংহারে মুশফিকুল ফজল আনসারী বলেন, ভারত যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজাতে চায়, তবে তাদের অবশ্যই বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক রায়কে সম্মান জানাতে হবে। একজন ক্ষমতাচ্যুত শাসককে জবাবদিহিতা থেকে রক্ষা করলে কেবল অবিশ্বাসই বাড়বে। তাই হত্যাকাণ্ড ও নির্যাতনের জবাবদিহি করতে এবং বাংলাদেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনাকে অবশ্যই দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে হবে।

 

একাত্তর/এআরএস
ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরকে...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে...
ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন...
চলমান পোশাক শ্রমিকদের নৈরাজ্যকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর দাবি, এ...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ৩৮৪ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
শক্তিশালী কোনো রাষ্ট্রের প্রশ্রয়ে দেশজুড়ে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর কোনো ঋণের বোঝা নয়, বরং সরাসরি অনুদান ও ন্যায্য আর্থিক সহায়তার জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের...
দেশের গণতান্ত্রিক চর্চা ও সুশাসন শক্তিশালী করতে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, ‘তথ্য কমিশন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর