পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, পল্টন থানায় ২০২৪ সালে দায়ের করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১। পরে সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। 

এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।