ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১।
পরে সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাঈদ খোকনকে তাদের কাছে হস্তান্তর করেছে এসআরবি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাসহ অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টা ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। সেসময় আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এদের সঙ্গে আর্থিক যোগসূত্র রয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। এ ছাড়া এসব হিসাবসমূহ থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের সম্ভাবনা রয়েছে। ফলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাঈদ খোকনসহ অপর ব্যক্তিদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতিসহ মানিলন্ডারিংয়ের অভিযোগ প্রমাণকরণ ও অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কষ্টসাধ্য হয়ে পড়বে।
এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এ সংসদ সদস্য, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
