চলতি মাসেই নতুন মজুরি ঘোষণা করা প্রয়োজন: বিজিএমইএ সভাপতি

চলতি মাসের মধ্যেই দে তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং সেই বোর্ডকে তাদের নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে দিতে হবে। তবে প্রক্রিয়াগত সময়সীমার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার যদি ক্ষমতা থাকত, আমি কালকে ঘোষণা করে দিতাম, কিন্তু আমার তো প্রসেসটা ফলো করতে হবে।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসকাবে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি নিশ্চিতকরণ এবং শিল্প ও জাতীয় স্বার্থে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি অভিযোগ করে বলেন, পয়লা নভেম্বরের আগের আন্দোলনকে একধরনের যৌক্তিকতা দেওয়া গেলেও বোর্ড গঠনের পর আন্দোলনের নামে ভাঙচুর ও অরাজকতা সৃষ্টির কোনো মানে হয় না। তিনি আরও বলেন, দেশের প্রায় ৯৫ শতাংশ শ্রমিক ভাই-বোন শান্তিতে কাজ করতে চান, কিন্তু যাঁরা তাঁদের জোর করে কারখানা থেকে বের করে নিয়ে যাচ্ছেন, তাঁদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে।

মজুরি বোর্ডে প্রতিনিধি মনোনয়নের বিষয়ে মাহমুদ হাসান স্পষ্ট করে বলেন, আমি একজন প্রতিনিধি দিয়েছি, সেটা বিজিএমইএর প্রতিনিধি না। সেটা হলো পোশাকশিল্পের প্রতিনিধি। এখন মজুরি বোর্ডের মিটিং স্থগিত হয়ে যাওয়ার দায় যদি আমাদের ওপর চাপানো হয়, আমরা মনে করি, সেটা সঠিক হবে না।

সংগঠনের সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং কাজী রুহুল আমিনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. এম এম আকাশ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে এহসান শামীম, শ্রম কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং বিশিষ্ট শ্রমিকনেতা আবুল হোসেন, তৌহিদুর রহমান ও নাজমা আক্তার।