প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। 

পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের সভার নোটিশ অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম বৈঠক। সভায় কৃষি, পানিসম্পদ, পল্লি অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে।

আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন এবং দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন। এ ছাড়া ভোলার চরফ্যাশনে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাবও রয়েছে।

পাশাপাশি বিভিন্ন এলাকার নদী ও জলাশয় খনন, পুনঃখনন, নদীভাঙন প্রতিরোধ, গ্রামীণ সড়ক ও সেতু উন্নয়ন এবং ক্ষুদ্রসেচ সম্প্রসারণের প্রকল্পও আলোচনায় আসবে।

এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের প্রকল্প রয়েছে আলোচ্যসূচিতে। বৈঠকে এসব প্রকল্পের প্রস্তাব, বাস্তবায়ন পরিকল্পনা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করা হচ্ছে।