মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক পাঠাবে বাংলাদেশ। তাদের মধ্যে এক হাজার থাকবেন জুলাই যোদ্ধা। এ ছাড়া মালয়েশিয়াগামী শ্রমিকদের অভিবাসন খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার পরিকল্পনা করছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের আমলে মানবপাচার সিন্ডিকেট প্রকট আকার ধারণ করেছিল। এসব চক্রের কারণে বাংলাদেশ থেকে অনেক দেশে শ্রমিক নেওয়া বন্ধ ছিল। সেসব চক্র চিহ্নিত করার চেষ্টা চলছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে যেসব শ্রমিক মালয়েশিয়ায় যাবেন, তাদের খরচ সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখতে চায় সরকার।
এদিকে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে ছয়টি জায়গায় ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া প্রতিটি উপজেলা হাসপাতালে আরও ১০০টি শয্যা যুক্ত করা হবে।
তিনি বলেন, পলাতক স্বৈরাচারের সময় দেশের স্বাস্থ্যব্যবস্থা এমনভাবে গড়ে তোলা হয়েছিল, যেন মানুষ বাধ্য হয়ে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে যায়।