প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, বাংলাদেশকে আর কোনো তাবেদারের হাতে পড়তে দেবো না। যাদের হাতে গোলামির জিঞ্জির ও যারা তাবেদার, দেশের মানুষ তাদের আর দাঁড়াতে দেবে না উল্লেখ করে তিনি বলেন, এর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ফ্যাসিবাদী আমলের পাচার অর্থ দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ আজ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে এবং গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। খেটে খাওয়া মানুষ যেন অর্থনৈতিক সুফল পান, সে লক্ষ্যেই সরকার কাজ শুরু করেছে এবং তা বাস্তবায়নও শুরু হয়েছে; যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ।
জ্বালানি খাতের সঙ্কট ও ভর্তুকির কথা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, যেই যুদ্ধের অংশই ছিলো না বাংলাদেশ, তার কারণে দেশে জ্বালানি সমস্যা তৈরি হয়েছিলো। কিন্তু এই জনগণের সরকার জ্বালানি খাতে ৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
অন্য দেশের সঙ্গে চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, কোনো দেশের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, কেবল সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। তা আগামী সংসদ অধিবেশনে তুলে ধরা হবে। এছাড়া চীন, জাপান ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে বড়ো ধরনের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি।
আসন্ন রমজান মাস নিয়ে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার বেশ কিছু জোরালো উদ্যোগ নিয়েছে। ১০টি পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বাকি রাখার সুযোগ রেখেছে।
পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, পরাজিত ফ্যাসিবাদী সরকার নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে তারা এই ষড়যন্ত্র করছে বলে জনগণ মনে করে। অন্য দেশের স্বার্থে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে পলাতক ফ্যাসিবাদীরা।
শ্রমিকদের উদ্দেশে তিনি আহবান জানিয়ে বলেন, তিলে তিলে এই শিল্পকে গড়ে তোলা হয়েছে। আপনারা কোনো উসকানিতে পা দেবেন না এবং আপনাদের কর্মস্থলকে হেফাজত করুন।
আওয়ামী লীগ ও পলাতক ফ্যাসিবাদীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিবাদীরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনো ঠিক হবে না। আওয়ামী লীগ যে সন্ত্রাসী, তা গত কয়েকদিনের ঘটনায় প্রমাণিত হয়েছে। সন্ত্রাসী দলটির পলাতক নেত্রী গণতান্ত্রিক মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রমাণ করেছে, এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এই সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার—অন্য কারো বশ্যতা মেনে নিতে আমরা মুক্তিযুদ্ধ করিনি, গণতান্ত্রিক মানুষ কারো বশ্যতা মেনে নিয়ে জুলাই গণঅভ্যুত্থান করেনি। ফ্যাসিস্ট শক্তির পুনরাত্থান ঠেকাতে এই মুহূর্তে চব্বিশের মতো ঐক্যের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে দাঁড়ানোর আহবান জানান।
এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যে জাতি আজ উদ্দীপ্ত। একটি দেশবিরোধী শক্তি গৃহযুদ্ধ চালাতে চেষ্টা করছে, তাদের রুখতে আপনারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।