‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং দেশ ও বিদেশে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা নিজেদের সন্ত্রাসী পরিচয়ই প্রমাণ করেছে।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ৩৮ মিনিটের দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ভাষণে প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সরকারের বহুমুখী উন্নয়ন ও সংস্কারমূলক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সরকার যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর করতে এবং সংসদের মাধ্যমে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই পতিত, পলাতক ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি উল্লেখ করে তিনি বলেন, দেশে বা বিদেশে যেখানেই থাকুক না কেন, তাদের একটাই চরিত্র-তারা সন্ত্রাসী।
আওয়ামী লীগের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, দুই দিন আগে এনসিপি সভাপতি নাহিদ ইসলামকে আক্রমণের অপচেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের ওপর কুৎসিত আচরণ এবং ইতালিতে বাংলাদেশের এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনা থেকেই তাদের আসল স্বরূপ দেশবাসী দেখেছে। তিনি বলেন, পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হত্যার উদ্দেশ্যে তালিকা তৈরির নির্দেশ দিচ্ছেন। রাজনীতি কখনো সন্ত্রাস বা মানুষ হত্যার লাইসেন্স হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
যারা এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাবও পরিষ্কার হয়ে গেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে এ দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছে। কেউ কারও বশ্যতা বা গোলামি মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বা আন্দোলন করেনি। অথচ সেই বাংলাদেশকে আবারও একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে।
এই পরিস্থিতি মোকাবিলায় দলমত-নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিন দশক আগের ঐতিহাসিক উক্তি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশের গণতন্ত্র, সংসদ ও স্বাধীনতা রক্ষায় কাউকেই আর কোনো তাঁবেদারের হাতে সঁপে দেয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের পর থেকেই দেশে একটি ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল। পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের মর্মান্তিক ঘটনা দেশের ইতিহাসে গভীর ক্ষত সৃষ্টি করেছে। গুম, খুন, অপহরণ ও ভয়ের সংস্কৃতি তৈরি করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের পাতানো নির্বাচন জনগণের ভোটাধিকার হরণের স্পষ্ট স্মারক। শেষ পর্যন্ত আবু সাঈদের মতো অসংখ্য ছাত্র-জনতার আত্মত্যাগের মুখেই স্বৈরাচারী শক্তি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
সরকার গঠনের সময়ের অর্থনৈতিক বিশৃঙ্খলার কথা উল্লেখ করে তারেক রহমান জানান, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশ বিপর্যস্ত ছিল। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে দেশ ও বিদেশে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও দেশের উৎপাদন ও ব্যবসাবাণিজ্য সচল রাখতে জ্বালানি খাতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে বলে জানান তিনি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে শুল্ক কমানো ও বাজার মনিটরিংয়ের পাশাপাশি রমজানের আগাম প্রস্তুতিও চলছে। এছাড়া চীন, তুরস্ক ও জাপানের মতো বন্ধুভাবাপন্ন দেশগুলোর বড় বিনিয়োগের আগ্রহ দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তৈরি পোশাকশিল্পে অস্থিরতা তৈরির অপচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, পোশাক খাতকে দুর্বল করে অন্য দেশকে সুযোগ করে দেওয়ার কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ উন্নয়নে সরকার কাজ করছে এবং দ্রুতই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে। তবে কোনো উসকানিতে পড়ে নিজেদের কর্মস্থল বা কারখানা ভাঙচুর না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কারখানা জীবিকার সংস্থান করে, তা ধ্বংস হলে অর্থনীতি ও শ্রমিক উভয়েই ক্ষতিগ্রস্ত হয়।
ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, চব্বিশে যেভাবে পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক একই চেতনায় তাদের মাথা আবারও গুঁড়িয়ে দেওয়া হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।