বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং চার হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।
নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ১৫ নভেম্বর এ বিষয়ে আলাদা দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। আদেশে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোয় এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ পদ সৃজন করা হয়েছে। এ-সংক্রান্ত ব্যয় পুলিশ বাজেটের সংশ্লিষ্ট খাতের বরাদ্দ অর্থ থেকে নির্বাহ করা হবে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বেতন স্কেল ও নিয়োগের যোগ্যতা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন অনুমোদিত চার হাজার এসআই (নিরস্ত্র) পদ জাতীয় বেতন স্কেলের গ্রেড-১০-এর অন্তর্ভুক্ত। এ পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। ‘পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩’ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।
অন্যদিকে ১০ হাজার কনস্টেবল পদ গ্রেড-১৭-তে সৃজন করা হয়েছে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। কনস্টেবল পদে নিয়োগের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৯৯০ সালের সাত মে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।
অনুমোদনের ধাপ ও চলমান নিয়োগ প্রক্রিয়া
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি বলছে, চার হাজার এসআই পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় গত তিন আগস্ট সম্মতি দেয়। অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখাগুলো পাঁচ ও আট অক্টোবর এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা পাঁচ নভেম্বর এ বিষয়ে সম্মতি দেয়। একইভাবে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতি নেওয়া হয়েছে।
এদিকে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয় এবং ৩০ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ওই বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে এক লাখ দুই হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
চলমান নিয়োগ প্রক্রিয়ায় আগে থেকে শূন্য থাকা দুই হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদের মধ্য থেকে আরও চার হাজার পদ অন্তর্ভুক্ত করে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ছয় হাজার পদ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নতুন সৃজিত চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে; তবে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।