একজনের অপরাধে আরেক নিরপরাধ মানুষের কারাগারে যাওয়ার ঘটনা নতুন নয়, তবে প্রতিটি ঘটনাই বিচারব্যবস্থা, তদন্ত ও পরিচয় যাচাই প্রক্রিয়ার দুর্বলতাকে সামনে নিয়ে আসে। ভুল পরিচয়ে গ্রেপ্তার হয়ে কারও কেটেছে প্রায় তিন বছর, কারও বা পাঁচ বছর কারাগারের অন্ধকারে।
সাম্প্রতিক সময়ে ২০০২ সালের অস্ত্র মামলায় ১০ বছরের সাজা কার্যকর করতে জারি হওয়া পরোয়ানায় মো. আলমাছের বদলে একই নামের আরেক ব্যক্তি আলমাসের কারাবাসের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, এই ভুলের দায় কার, হারানো জীবনের ক্ষতিপূরণ কে দেবে এবং বাংলাদেশের আইনে এর প্রতিকারই বা কী?

২০০২ সালের একটি অস্ত্র মামলায় মো. আলমাছকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। সেই সাজা কার্যকরের পরোয়ানায় ২০২৫ সালের নভেম্বরে গ্রেপ্তার হয়ে কারাগারে যান আলমাস নামের আরেক ব্যক্তি। অথচ প্রকৃত আসামির সঙ্গে তাঁর বাবার নাম, ঠিকানা ও বয়সে স্পষ্ট অমিল ছিল।
এমনকি বিচারিক অনুসন্ধানে এসব অসংগতি ধরা পড়ে এবং পরিচয় নিয়ে পুলিশ কর্মকর্তাদের মনেও সন্দেহ ছিল। এরপরও তাঁকে কারাগারে থাকতে হয় এবং হাইকোর্টের নির্দেশে মুক্তির পর আলমাসের আইনজীবী তানভীর আহমেদ পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
এর আগেও এমন নির্মম ভোগান্তির নজির রয়েছে। দুর্নীতির এক মামলায় প্রকৃত আসামি আবু সালেকের পরিবর্তে গ্রেপ্তার হয়ে প্রায় তিন বছর কারাগারে থাকতে হয়েছিল জাহালমকে; আর মাদক মামলায় শাহাবুদ্দিন বিহারীর বদলে আরমানের কারাভোগ গড়ায় প্রায় পাঁচ বছরে। ভুক্তভোগীদের কেউ কেউ উচ্চ আদালতে নিজ উদ্যোগে রিট করে ক্ষতিপূরণের আদেশও পেয়েছেন।

গ্রেপ্তারের আগে পরিচয় নিশ্চিত করার দায়িত্ব কার, শনাক্তকরণে ভুল হলে কার জবাবদিহি থাকা উচিত এবং ক্ষতিপূরণ কীভাবে নির্ধারিত হবে, এসব প্রশ্নে আইনবিদরা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার জবাবদিহির ওপর জোর দিচ্ছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কাজী জাহেদ ইকবাল মনে করেন, প্রথমত এই দায় রাষ্ট্রের এবং তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে বিচার প্রক্রিয়ায় জড়িত সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।
অন্যদিকে সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানান, বাংলাদেশে ভুল গ্রেপ্তার ও কারাবাসের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে স্বতন্ত্র কোনো পূর্ণাঙ্গ আইন নেই; কেউ চাইলে উচ্চ আদালতে ক্ষতিপূরণ চাইতে পারেন, তবে এ ধরনের ঘটনা রোধ ও প্রতিকার নিশ্চিত করতে একটি কার্যকর আইন প্রণয়ন জরুরি। আইনবিদদের মতে, বিনা অপরাধে কারাবন্দী থাকা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ভুক্তভোগীর জীবনে চরম বিপর্যয় ডেকে আনে, যথাযথ ক্ষতিপূরণ সেই বিপর্যয় কিছুটা হলেও লাঘব করতে পারে।
