ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা ২০২৬’।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে শনিবার (২১ নভেম্বর) রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানান, রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এবারের মেলায় সারা দেশের প্রায় ৪০০টি প্রতিষ্ঠান অংশ নেবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে এসব প্রতিষ্ঠানকে ছয় শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। আগামীতে উদ্যোক্তারা যাতে বিনা জামানতে ঋণ নিতে পারেন, সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি পণ্যের মান সনদ দ্রুত পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো সহজ করা হবে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে দেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের পণ্য রপ্তানি করতে পারেন, সরকার সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে।