ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে সহজে ঋণ ও পণ্যের মান সনদ নিতে পারেন, সে ব্যবস্থা করবে সরকার। একই সঙ্গে দেশের বাজারে পণ্যের উল্লেখযোগ্য ভূমিকা রাখার পাশাপাশি রপ্তানির সুযোগ তৈরিতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী জানান, আগামী রোববার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। সাত দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এবারের মেলায় সারা দেশের প্রায় ৪০০টি প্রতিষ্ঠান অংশ নেবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানের বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বর্তমানে এসব প্রতিষ্ঠানকে ছয় শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। আগামীতে যাতে উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ নিতে পারেন, সে ব্যবস্থা করা হবে। পাশাপাশি পণ্যের মান সনদ দ্রুত পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তগুলো সহজ করা হবে।
তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে দেশের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজেদের পণ্য রপ্তানি করতে পারেন, সরকার সে বিষয়েও গুরুত্ব দিচ্ছে।
